মণিরামপুরে তীব্র যানজটে ভোগান্তি, রাস্তা চওড়া করার দাবি
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলার ব্যস্ততম শহর যশোরের মণিরামপুর বাজারের নিত্যদিনের তীব্র যানজট এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক দুর্বিষহ নিয়তিতে পরিণত হয়েছে। সকাল, দুপুর কিংবা রাত—ঘড়ির কাঁটার মতো নিয়মিত বিরতিতে এই যানজটে নাস্তানাবুদ হচ্ছেন মণিরামপুরবাসীসহ দূরপাল্লার যাত্রীরা। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ঘণ্টার পর ঘণ্টা এখানে আটকে থাকছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সরকারের আমলে নামমাত্র সড়ক সংস্কার হলেও রাস্তা প্রশস্ত না করায় যানজটের কোনো স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয়দের অভিযোগ, একদিকে সড়কের সংকীর্ণতা, অন্যদিকে পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতগুলো স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের দখলে চলে গেছে। মণিরামপুর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান ও যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও, অদৃশ্য কারণে ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত হয় না। ফলে অভিযান শেষ হতেই আবার আগের বেহাল দশা ফিরে আসে। এই জনভোগান্তি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেও কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
তথ্য মোতাবেক, ২০২০-২১ অর্থ বছরে যশোরের রাজারহাট থেকে মণিরামপুর হয়ে চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে চারটি প্যাকেজে এই কাজ হয়, যার মধ্যে মণিরামপুর থেকে চিনেটোলা অংশের কাজ করে মেসার্স কপোতাক্ষ এন্টারপ্রাইজ। তবে অনুসন্ধানে জানা যায়, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের ভাই যশোর পৌরসভার সাবেক মেয়র রেন্টু চাকলাদার এবং ঠিকাদার বাবু পাটোয়ারী সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এই কাজে ব্যাপক নয়-ছয় করেছিলেন। বাজারের ভেতর সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নির্মাণ করা হয়নি। আর বাজারের বাইরে যে ড্রেন করা হয়েছে, তা ময়লা জমে ভরাট থাকায় সামান্য বৃষ্টিতেই মশার উপদ্রব ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
সচেতন মহলের অভিযোগ, পার্শ্ববর্তী সকল উপজেলা শহরে প্রধান সড়কের দুই পাশের বড় বড় ভবন ভেঙে জনগণের স্বার্থে রাস্তা প্রশস্ত করা হলেও, মণিরামপুর বাজারের চিত্র সম্পূর্ণ উল্টো। বিগত স্বৈরাচারী সরকারের স্থানীয় আমলা ও জনপ্রতিনিধিদের সাথে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে বাজারের প্রধান সড়ক ঘেঁষা কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর বহুতল ভবন ও দোকানপাট সুরক্ষিত রাখা হয়। ফলে জনগণের ভোগান্তি বাড়িয়ে অত্যন্ত সংকীর্ণ রেখেই রাস্তাটি ঢালাই করা হয়, যা মণিরামপুরবাসীর সাথে চরম বেঈমানি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকেরা।
এদিকে যানজটের এই স্থায়ী নিরসনকল্পে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণ ও বড় ধরনের অর্থ বরাদ্দের দাবি জানিয়ে মণিরামপুরের প্রবীণ ও সচেতন নেতৃবৃন্দ বর্তমান সংসদ সদস্য এডভোকেট গাজী এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি নিয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন ইতিমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি জানান, বাজারের যত্রতত্র গাড়ি পার্কিং এবং প্রধান সড়কে দিনের বেলা মালামাল লোড-আনলোড বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ভুক্তভোগী সাধারণ মানুষের এখন একটিই দাবি—বিগত সরকারের দুর্নীতি পেছনে ফেলে অবিলম্বে মণিরামপুর বাজারের প্রধান সড়কটি প্রশস্ত করে এই তীব্র যানজটের স্থায়ী সমাধান করা হোক।
এ.আই.এল/সকালবেলা