৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বর্তমান সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের আওতায় চলতি বছরই ১৫০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা হবে। এই খালগুলোর পাড়ে যে বনায়ন ও জলাশয়ে মাছ চাষ হবে, তার প্রকৃত সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্র মানুষ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের 'বড়ুয়া খাল' খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে নিজে কোদাল হাতে খাল খনন করে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। এটি মূলত তাঁরই আদর্শের প্রকল্প। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করার পর আজ সারাদেশে একযোগে কাজ শুরু হয়েছে।"

তিনি আরও জানান, খালের উপরিভাগের পানি ব্যবহার করে স্থানীয় কৃষকরা কৃষি কাজ করতে পারবেন। এছাড়া খালের পাড়ে বনায়ন করে এলাকাটিকে দৃষ্টিনন্দন করা হবে এবং বনায়নের লভ্যাংশ ও খালের মাছ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বণ্টন করা হবে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.আই/সকালবেলা

মন্তব্য করুন