রাজশাহীতে আগ্নেয়াস্ত্রের চালান জব্দ, নারীসহ আটক ২
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আগ্নেয়াস্ত্র ও গুলির একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে এই চালান জব্দ করা হয়। এ সময় একটি প্রাইভেটকারসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।
গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার বাসিন্দা দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য একটি গোপন সূত্র থেকে তথ্য পাওয়া যায় যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে অস্ত্রের একটি চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। খবর পাওয়ার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় জরুরি চেকপোস্ট বসানো হয়।
বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে নিখুঁত তল্লাশিতে গাড়ির ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই আরোহীকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের নিবিড় জিজ্ঞাসাবাদ করে এই আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এআইএল/সকালবেলা
|