অবহেলায় রোগীর মৃত্যু: শৈলকুপায় অ্যাম্বুলেন্স চালক আটক
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনের চরম দায়িত্বহীনতায় ও অবহেলায় আবু জাফর কুসুম (৫০) নামে এক আশঙ্কাজনক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
নিহত আবু জাফর কুসুম শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বুধবার শারীরিক গুরুতর অসুস্থতা নিয়ে আবু জাফর কুসুম চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনেরা দ্রুত রোগীকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু চালক বকুল জানান, গাড়িতে জ্বালানি তেল নেই, তাই তিনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। স্বজনেরা নিরুপায় হয়ে নিজেদের উদ্যোগে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের ব্যবস্থা করে দেন। কিন্তু এরপরও চালক বকুল গাড়ি চালাতে অস্বীকৃতি জানান এবং কোনোভাবেই যাবেন না বলে সাফ জানিয়ে দেন।
হাসপাতালের অ্যাম্বুলেন্স না পাওয়ায় এবং বিকল্প অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে গিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। এই মূল্যবান সময় নষ্ট হওয়ায় প্রয়োজনীয় জরুরি চিকিৎসার অভাবে রোগী আবু জাফর কুসুম হাসপাতালেই মৃত্যুবরণ করেন। রোগীর স্বজনদের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালকের এমন হঠকারী ও অমানবিক আচরণের কারণেই সময়মতো চিকিৎসা না পেয়ে তাঁদের রোগীর মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরবর্তীতে তিনি নিজেই বাদী হয়ে শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত চালক বকুল হোসেনকে আটক করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালের আরএমও-র লিখিত অভিযোগের ভিত্তিতে চালককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা