কটিয়াদীতে আগুনে পুড়িয়ে নিষিদ্ধ জাল ধ্বংস
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৪ আগস্ট) করগাঁও হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া। অভিযানে সহায়তা করেন বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
মৎস্য কার্যালয় জানায়, অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫২টি চায়না দুয়ারি জাল (১২০০ মিটার) এবং ১০ হাজার টাকা মূল্যের ৬টি কারেন্ট জাল (২৫০ মিটার) জব্দ করা হয়। মোট ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৫০ মিটার নিষিদ্ধ জাল জব্দ শেষে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া জানান, হাওরের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি, কারেন্ট জাল ও ইলেকট্রোফিশিংয়ের বিরুদ্ধে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|