বরিশালে শিশু নির্যাতনের প্রতিবাদে শিশুবন্ধন

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
বরিশালে শিশু নির্যাতনের প্রতিবাদে শিশুবন্ধন

সাঈদ পান্থ, বরিশাল: শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী চলমান শিশু নির্যাতন, ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে এক ব্যতিক্রমী ‘শিশু বন্ধন’ কর্মসূচি পালন করা হয়েছে। খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ রবিবার (২৪ মে) সকালে নগরীর ঐতিহাসিক অশ্বিনী কুমার টাউন হলের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা শিশু রামিসা হত্যাকারীদের দ্রুত ফাঁসি ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং শুকতারা খেলাঘর আসরের সভাপতি কাজী সেলিনার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রামিসার মতো এমন নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড আর দেখতে চায় না দেশের শিশুরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার যে ঐতিহাসিক আশ্বাস ও নির্দেশনা দিয়েছেন, দেশের আপামর জনতা এখন সেই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় প্রহর গুনছে।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত শিশুদের ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। একটি নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে সব ধরনের শিশু নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সাথে এসব অপরাধের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে এবং শিশুদের অধিকার রক্ষায় একটি পৃথক ‘শিশু মন্ত্রণালয়’ গঠনের জোর দাবি জানান তাঁরা।

এই জাজ্বল্যমান প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—খেলাঘর আসরের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, জেলা কমিটির শুভংকর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, বর্তমান সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, রক্তঝুমুর খেলাঘর আসরের সভাপতি কামরুন নাগার মেরী, শিক্ষক নেতা আমিনুল ইসলাম খোকন, সনাক সভাপতি টুলু রানী কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী শিউলি সিংহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, চারুকলা বরিশালের সংগঠক সুষাভ চন্দ্র নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা পলি এবং শিশু সদস্য রাইসা আক্তার, নাফি ও তিলকসহ আরও অনেকে। কর্মসূচিতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিশু-কিশোর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

এআইএল/সকালবেলা