কালীগঞ্জে আইশিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে 'আইশিন ফুডস কোম্পানি লিমিটেড' নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত অভিযানে কারখানাটির উৎপাদিত পাউরুটিতে কোনো ল্যাব রিপোর্ট ছাড়াই ২০ দিন থেকে ১ মাস পর্যন্ত মেয়াদের তারিখ উল্লেখ করার প্রমাণ মেলে। এছাড়া উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মোড়কে দেশের আইন অনুযায়ী বাধ্যতামূলক বাংলা ভাষার ব্যবহার না করে চাইনিজ ভাষায় নির্দেশিকা লেখা ছিল।
অভিযানে বিএসটিআই (BSTI) লাইসেন্স যাচাইয়ের সময় আরও গুরুতর অনিয়ম ধরা পড়ে। অনুমোদনকৃত রেসিপি ও উপাদানের বাইরে গিয়ে ভিন্ন উপাদান ও অনুমোদনহীন জ্যাম ফিলিংস ব্যবহার করে পাউরুটি তৈরি করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি কারখানাটির হালনাগাদ কোনো ট্রেড লাইসেন্সও ছিল না।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারায় আইশিন ফুডসকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রিফাত (২৪) তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা জানান, জনস্বাস্থ্যের সাথে ছিনিমিনি খেলা এবং লাইসেন্সের অপব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া উপস্থিত ছিলেন। এদিকে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা