চাকরি স্থায়ীকরণের দাবিতে টেকনিশিয়ানদের ধর্মঘট
ঠাকুরগাঁও প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান ধর্মঘট ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার এআই টেকনিশিয়ানরা অংশ নেন।
কর্মসূচিতে আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে সারা দেশের মাঠপর্যায়ে গবাদি পশুর জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন (এআই) কার্যক্রমের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের নিয়মিত সেবা দিলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। সরকার বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি।
চাকরির নিরাপত্তা ও সরকারি সুযোগ-সুবিধা না থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা অনিশ্চিত জীবনযাপন করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা ও পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম।
এআইএল/সকালবেলা
|