সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণের দাবিতে মানববন্ধন
মো. মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: আকাশপথে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ মে) বেলা ১২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন তরুণ, দূরদর্শী ও ডাইনামিক নেতা। আমরা অত্যন্ত আশাবাদী যে, সমগ্র উত্তরবঙ্গের অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে তাঁর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।” বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সৈয়দপুর বিমানবন্দরের এই যৌক্তিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো তৃতীয় শক্তির অভ্যন্তরীণ বা বাহ্যিক ষড়যন্ত্র সাধারণ জনগণ কোনোভাবেই বরদাস্ত করবে না। প্রয়োজনে জানমাল বাজি রেখে ঐক্যবদ্ধভাবে নিজেদের প্রাণের দাবি আদায় করা হবে।
সমাবেশে বক্তারা আরও স্পষ্ট করে বলেন, “আমরা ঠাকুরগাঁও বা বগুড়ায় নতুন বিমানবন্দর স্থাপন করার মোটেও বিপক্ষে নই। তবে সার্বিক অবকাঠামো, ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকা সৈয়দপুর বিমানবন্দরকে আগে আন্তর্জাতিক মানে উন্নীত করা উচিত। এটাই এখন পুরো সৈয়দপুরবাসীর মূল দাবি।” এর ব্যত্যয় ঘটলে বা কাজ ঝুলিয়ে রাখা হলে আগামীতে উত্তরবঙ্গজুড়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা সতর্ক করেন। সেই সাথে এই অঞ্চলের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নিয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাৎ করা হবে বলেও জানান তাঁরা।
আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং যুব নেতা সুলতানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকরাম সিদ্দিকী (চুন্নু), স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, জমির মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে যুব নেতা রবিউল ইসলাম রবি ও জিয়া সাইবার ফোর্স সৈয়দপুর শাখার আহ্বায়ক ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা