আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ
আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন
আদমজী ইপিজেডের ভেতর অনন্ত অ্যাপারেলসের গোডাউনে দাউদাউ করে জ্বলছে আগুন

মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ভেতর ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার দীর্ঘ ৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (১৫ জুলাই) ভোর চারটার দিকে আদমজী ইপিজেডের ওই পোশাক কারখানার গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

 ফায়ার সার্ভিস ও ইপিজেড সূত্র জানায়, ভোররাতে কারখানার ভেতর আগুন লাগার পরপরই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুরুতে স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ি ও পরবর্তীতে আশেপাশের বিভিন্ন স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে। কিন্তু গোডাউনটিতে সুতা, তুলা ও ঝুটসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।

আজ সকাল ১০টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ভেতরে অবিরাম কাজ চলছে বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মিরন মিয়া।

কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট অথবা অন্য কোনো অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইপিজেডের ভেতরের অন্যান্য কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিশেষ নিরাপত্তা দল ও শিল্প পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রেখেছে।