ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: নরসিংদী পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় দোকানের ভেতর আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চঞ্চল চন্দ্র ভৌমিক (২২) নামে এক যুবককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুর্বৃত্তরা আগুন লাগিয়ে বাইরে দাঁড়িয়ে চঞ্চলের মৃত্যুর দৃশ্য উপভোগ করেছে।
নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক নরসিংদী শহরের রুবেলের বাইক মেকানিকের দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। প্রতিবন্ধী ভাইসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের সাটার বন্ধ করে ভেতরে থাকা চঞ্চলকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একাধিকবার চেষ্টার পর আগুন সফলভাবে লাগাতে সক্ষম হয় ঘাতকরা। আগুন দাউদাউ করে জ্বলে উঠলে তারা পালানোর পরিবর্তে দাঁড়িয়ে সেই মৃত্যুযন্ত্রণা প্রত্যক্ষ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও চঞ্চলকে জীবন্ত দগ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে এই নিষ্ঠুর হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পুলিশ লাইন্সের মতো সুরক্ষিত এলাকার পাশে এমন লোমহর্ষক ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, পুলিশের এত কাছাকাছি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহতের পরিবার দ্রুত অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ