শ্রীপুরে ৩ দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা শুরু

শ্রীপুরে ৩ দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা শুরু

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া গ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা। প্রতি বছরের ন্যায় এবারও ফকির খালেক সাঁইজির আখড়া বাড়িতে সাধু-গুরু ও লালন ভক্তদের এই বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।

চৌদ্দতম এই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী ও সাধু-গুরুরা আখড়া বাড়িতে সমবেত হতে শুরু করেছেন। উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও ভাবুক ফরহাদ মজহার। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজা উদ্দিন আহমেদ (স্টালিন) এবং কুষ্টিয়া ছেঁউড়িয়ার লালন একাডেমির প্রধান প্রশিক্ষক ওস্তাদ আক্কাস আলী সাঁইজি। সমাপনী দিনে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশবরেণ্য লালন সংগীত শিল্পী নিগার সুলতানা সুমি, রিংকু, টুটুল ভেঁড়ো, শিমুল হাসান, এলিজা পুতুল ও ঐক্যজিতসহ আরও অনেকে।

আখড়ার প্রতিষ্ঠাতা ফকির খালেক সাঁইজি জানান, এটি কুষ্টিয়ার ছেঁউড়িয়ার পর দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব। ভক্তদের বসার ও থাকার সুব্যবস্থা করা হয়েছে এবং উৎসবকে সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন