ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ ও ঐতিহাসিক শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা ও রাবার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাগান কর্তৃপক্ষ। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মাঠের একাংশ খুঁড়ে ফেলার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
জানা যায়, ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ এই দৃষ্টিনন্দন মাঠটি নষ্ট করে সেখানে চা ও রাবার বাগান করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের কিছু অংশ খুঁড়ে ফেলা হয়েছে। ব্রিটিশ আমলে ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত এই বাগান ও গলফ মাঠটি দীর্ঘকাল ধরে পর্যটকদের কাছে এক টুকরো সবুজ ঘাসের স্বর্গ হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভিড় করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঠটি এই অঞ্চলের একটি প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। বাগান কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্ত পর্যটন শিল্পের জন্য বড় ধরনের হুমকি। পর্যটক নাজমুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকৃতি ও পর্যটন ধ্বংস করে বাগান করার অধিকার তাদের কে দিয়েছে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনার বিষয়ে জানতে শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি বলেন, “জায়গাটির মালিকানা ও দখল কার অধীনে তা যাচাই করতে হবে। হয়তো দর্শনার্থীদের আসা-যাওয়ার কারণে কোনো সমস্যার প্রেক্ষিতে বাগান কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। আমরা তাদের সাথে আলোচনা করে দ্রুত একটি সমাধানের চেষ্টা করব।”
সচেতন মহলের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে শমশেরনগরের এই নান্দনিক ও ঐতিহাসিক গলফ মাঠটি চিরতরে হারিয়ে যাবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ