ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক জেলা ও বিএনপির রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত হবে বিশাল এক জনসভা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। ফলে তাঁর এই আগমনকে ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার প্রস্তাবিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের বলেন, “বগুড়ার মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে পুরো জেলা এখন উৎসবমুখর। এই জনসভাকে আমরা জনসমুদ্রে রূপ দিতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি।”
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভা শেষ করবেন। এরপর সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই তাঁর প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। ইতোমধ্যে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে দেশের বিভিন্ন স্থানে জনসভা সম্পন্ন করেছেন।
তারেক রহমানের আগমনের খবরে গাবতলী ও সদর উপজেলার গ্রাম-মহল্লায় বইছে আনন্দের জোয়ার। শহরের বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে; ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে রাজপথ। জনসভা শান্তিপূর্ণ ও সফল করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিএনপি নেতাকর্মীরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ