ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় দুই দশক পর সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এবং মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে তারেক রহমান সড়কপথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জে এই জনসভায় অংশ নেবেন। অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেবেন।
জানা গেছে, এর আগে গত ১১ জানুয়ারি বিসিক শিল্প পার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে তারেক রহমানের যোগ দেওয়ার কথা থাকলেও নির্বাচনী আচরণবিধির কারণে সফরটি স্থগিত করা হয়েছিল। এবার যথাযথ অনুমতির মাধ্যমেই এই জনসভার আয়োজন করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে সিরাজগঞ্জের ৬টি আসন থেকে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ