নেত্রকোনায় বজ্রপাতে কৃষকসহ নিহত ২

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের জামাল মুন্সি (৪৫) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সবুজ মিয়া (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৬টার দিকে আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের বাসিন্দা ও মৃত নান্নু মিয়ার ছেলে জামাল মুন্সি ফজরের নামাজ শেষে গ্রামের আরও চার কৃষকের সঙ্গে বাড়ির পাশের ‘আইঞ্চার বিল’ এলাকায় মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে জামাল মুন্সি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা অন্য কৃষকরা তাঁর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া জানান, ভোরে বৃষ্টির মধ্যে বিলে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে নেওয়ারও কোনো সুযোগ পাওয়া যায়নি।

এদিকে, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন সবুজ মিয়া নামের এক সিএনজিচালক। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী এক বাজারে টেলিভিশনে চলমান ফুটবল বিশ্বকাপের ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ দেখে বাড়ি ফেরেন সবুজ। এরপর তিনি বাড়ির সামনে প্লাবিত জমিতে জাল নিয়ে মাছ ধরতে যান। সেখানে মাছ ধরার একপর্যায়ে বজ্রাঘাতের শিকার হয়ে তিনি মারা যান। বেশ কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে জমির পানিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন