ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের সময় আটক ৩

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের সময় আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি পরিত্যক্ত গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— কালিতলা এলাকার মো. আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), একই এলাকার মো. মিন্টুর ছেলে মো. রনি (২১) এবং মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে মাত্র এক সপ্তাহ আগে অভিযুক্ত তামিম ইসলামের পরিচয় হয়। সেই সূত্রের জেরে গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম এবং তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে কিশোরীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন।

রাত ৩টার দিকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি নিয়মিত টহলদল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গোডাউন ঘর থেকে সন্দেহজনক আওয়াজ শুনতে পায়। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে হাতেনাতে আটক করেন এবং জখম অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেন। পরে রাতেই তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, “গণধর্ষণের সময় হাতেনাতে আটক তিন যুবককে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপরাধের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন