চরফ্যাশনে অবৈধ বোট-মাছসহ আটক ৩
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে গভীর রাতে সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৭ লাখ টাকা মূল্যের ৬টি নিষিদ্ধ ট্রলিং জাল এবং ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানার সুলতান ব্রিজ সংলগ্ন নদী ও উপকূলীয় এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সমুদ্র থেকে ফিরে আসা একটি সন্দেহভাজন কাঠের তৈরি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত দেওয়া হয়। পরে বোটটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৬টি নিষিদ্ধ কারেন্ট ও ট্রলিং জাল এবং অবৈধভাবে শিকার করা ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে বোটে থাকা তিন জেলেকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসকারী এসব জালের ব্যবহার বন্ধে আমাদের অবস্থান কঠোর।”
কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত ট্রলিং বোট ও জাল পুড়িয়ে ধ্বংস করার জন্য এবং উদ্ধারকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|