ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ও কানাডা
ফিফা প্রেসিডেন্টের সাথে ফিলিস্তিন ফুটবলের প্রধান জিবরিল রাজৌব |সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেলেও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌবকে ভিসা দেয়নি দুই সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে এই দুই পশ্চিমা দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

রবিবার (১৪ জুন) ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

জিবরিল রাজৌব জানান, বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা না পেলেও অন্য সহ-আযোজক দেশ মেক্সিকো তাঁকে ভিসা দিয়েছে। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন তিনি। টেলিফোনে এএফপিকে রাজৌব বলেন, ‘জর্ডানের রাজধানী আম্মানে আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। আমি এখন মেক্সিকোতে আছি, এখানে তিউনিসিয়ার ম্যাচটি দেখব এবং এরপর ফিলিস্তিনে ফিরে যাব।’

বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ কানাডার ভিসাও পাননি বলে জানান ফিলিস্তিন ফুটবলের এই শীর্ষ কর্তা। এর পেছনে সরাসরি রাজনৈতিক কারণ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘কিছু নির্দিষ্ট মহল চায় না আমরা ইসরাইলের বৈষম্যমূলক ও নিপীড়নমূলক নীতির সমালোচনা করি।’ মূলত ইসরাইলি চাপের কারণেই পশ্চিমা দেশ দুটি তাঁকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ তাঁর।

তবে আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষকদের মতে, জিবরিল রাজৌবের ভিসা প্রত্যাখ্যানের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনার যোগসূত্র রয়েছে। গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি বিশেষ অনুরোধ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। ইসরাইলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে যৌথ গ্রুপ ছবিতে একই ফ্রেমে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব, যা নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক তোলপাড় হয়।

তাছাড়া, অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলোকে ইসরাইলি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে তীব্র আপত্তি জানিয়ে আসছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এ ঘটনায় ইসরাইলের ওপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চেয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিল ফিলিস্তিন। কিন্তু ফিফা এই বিষয়ে চূড়ান্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে দেশটি। এই দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের কারণেই রাজৌব পশ্চিমা দেশগুলোর নজরে এসেছেন এবং ফলশ্রুতিতে তাঁকে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে ভিসা বঞ্চিত হতে হলো বলে মনে করা হচ্ছে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন