ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রিয় ফুটবল দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন গাডাইল এলাকার ‘তালুকদার ভিলায়’ এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সাথে মির্জাপুরের গাডাইল এলাকায় জুয়েল তালুকদারের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল দলের কট্টর সমর্থক ছিলেন। আজ সকালে তিনি তাঁদের ভাড়া বাসার ছাদে ফুটবলের প্রিয় দলের পতাকা টাঙাতে কিংবা ঠিক করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ছয়তলার ছাদ থেকে সরাসরি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-পরীক্ষা শেষে রায়হানকে মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক জুয়েল তালুকদার জানান, রায়হান ব্রাজিলের বড় ভক্ত ছিলেন। বাড়ির ছাদে তিনি একটি পতাকা টাঙিয়ে রেখেছিলেন এবং প্রায় প্রতিদিনই সেটি দেখতে বা ঠিক করতে ছাদে যেতেন। আজ রবিবার সকালেও তিনি পতাকা নিয়ে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে যান।

তবে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝেই অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন সকালেও তিনি আচমকা ছাদে চলে যান এবং এর কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার ও চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত যুবক মানসিক রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন