বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ণ
বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

অনলাইন ডেস্ক: ঢাকা-গাজীপুর রুটের বহুল প্রতীক্ষিত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সামগ্রিক অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বর্তমান অবস্থা, নকশা এবং এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় আমন্ত্রিত বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন কারিগরি দিক নিয়ে নিজেদের মতামত দেন। বিশেষ করে বিআরটি লাইনের স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান, পরিচালন কাঠামো এবং সার্বিক কার্যকারিতা নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সামনে বেশ কিছু পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

মন্তব্য করুন