ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাহিদ শিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষক ও তার কিশোরী কন্যাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাত ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভেতরে সন্দেহজনক শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তিনি ঘরের ভেতর দুই জন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। চোর বা ডাকাত সন্দেহে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কোনো কিছু লুট করতে না পেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হোসনে আরা ও তার ১৪ বছর বয়সী কন্যা তাবিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।
মা ও মেয়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় ইদানীং চুরি ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ