ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত সকলে গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করেন। জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে শহীদদের স্মরণে 'গার্ড অব অনার' প্রদান করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধের সেই চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।
পরে সকাল ৮টায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়ানো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে দেশাত্মবোধের এক অনন্য চিত্র ফুটে ওঠে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ