গাজীপুরে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ বাঁশঝাড় থেকে উদ্ধার

গাজীপুরে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ বাঁশঝাড় থেকে উদ্ধার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী মাদরাসা ছাত্র তুষারের মরদেহ একটি বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত তুষার ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় নিহতের বাবা মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরে তুষার। বাড়িতে বই-খাতা রেখে সে বাইরে খেলতে যায়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল বেলা বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ের নিচে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারছেন না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, "শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন