নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিকশা প্রতীকে ভোট চাইলেন মুফতি আমজাদ

নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিকশা প্রতীকে ভোট চাইলেন মুফতি আমজাদ

সামজাদ জসি, সিনিয়র রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিকশা প্রতীকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী। শনিবার (২৫ জানুয়ারি) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রিজ সংলগ্ন) থ্রি স্টার কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

মুফতি আমজাদ হোসেন আশরাফীর সভাপতিত্বে এবং খতিব ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন নুরী, মাওলানা আবু সুফিয়ান নবীপুরী, মাওলানা ইউসুফ খান, মাওলানা ইব্রাহিম, মাওলানা আমিরুল ইসলাম এবং মাওলানা কাইয়ুম ফারুকীসহ জোটের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

বক্তব্যে মুফতি আমজাদ হোসেন আশরাফী বলেন, “নবীনগরের ইতিহাসে স্বাধীনতার পর আমিই প্রথম আলেম প্রার্থী। এবার নবীনগরবাসী একজন আলেমকে সংসদে পাঠানোর সুযোগ পেয়েছে। আমার অঢেল অর্থবিত্ত নেই, তবে একজন আলেম হিসেবে আমি আপনাদের দোয়া ও ভোট চাই। আমি নির্বাচিত হলে এদেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের সম্মান বৃদ্ধি পাবে।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে কোনো অনৈতিক লেনদেনে জড়াবেন না এবং এলাকার উন্নয়নে আদর্শিক নেতৃত্ব প্রদান করবেন।

মতবিনিময় সভায় নবীনগর উপজেলার ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন ও তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন