ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সুন্দরবন উপকূলবর্তী কয়রায় বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভান’ নামক এই ভ্রাম্যমাণ গাড়িটি উপজেলার সদর হাইস্কুল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী সচেতনতা তৈরির অংশ হিসেবে কয়রায় এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে বড় পর্দায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে ভোটারদের নাগরিক অধিকার, ভোটাধিকারের গুরুত্ব এবং দেশ পুনর্গঠনে গণভোটের আবশ্যকতা তুলে ধরা হয়।
সরেজমিনে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে এই ডিজিটাল প্রচারণা দেখতে কয়রা সদরের রাস্তায় উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছাড়াও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ