টেকনাফে অতিরিক্ত দামেও মিলছে না এলপিজি গ্যাস, ভোগান্তি চরমে

টেকনাফে অতিরিক্ত দামেও মিলছে না এলপিজি গ্যাস, ভোগান্তি চরমে

টেকনাফে অতিরিক্ত দামেও মিলছে না এলপিজি গ্যাস, ভোগান্তি চরমে

জিয়াবুল হক, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এলপিজি (পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দিয়েও ১২ কেজির গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় রান্না কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরকার নির্ধারিত হিসেবে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও বাস্তবে অনেক এলাকায় ২ হাজার ৩০০ টাকা দিয়েও সিলিন্ডার মিলছে না। এতে গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় টেকনাফ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প, বাজার ও এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান ঘুরে এই চিত্র দেখা যায়। 

খুচরা বিক্রেতারা জানান, সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাচ্ছেন না। অনেক ডিলারের দোকানই ফাঁকা পড়ে আছে। কোথাও সীমিত সংখ্যক সিলিন্ডার এলেও তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে।

সরবরাহ সংকটের কারণে গত এক মাসেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলছে। বাধ্য হয়ে অনেকে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, আর নিম্ন আয়ের মানুষজন ফিরে যাচ্ছেন মাটির চুলায়।

টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার চা বিক্রেতা নুর হোসেন বলেন, “চায়ের দোকানে গ্যাস ছাড়া চলা যায় না। কোথাও সিলিন্ডার পাচ্ছি না, তাই বাধ্য হয়ে মাটির চুলা ব্যবহার করছি।”

উপরে বাজার এলাকার দোকানি সিরাজ সওদাগর জানান, “অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে ১ হাজার ৮০০ টাকায় একটি সিলিন্ডার পেয়েছি। দাম বেশি হলেও উপায় ছিল না।”

শাপলা চত্বর এলাকার এলপিজি খুচরা ব্যবসায়ী মোশাররফ বলেন, “আগে ১ হাজার ৩০০ টাকায় সিলিন্ডার বিক্রি করেছি। এখন চাহিদা থাকলেও পাইকারি বাজারে বেশি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।”

তিনি আরও জানান, সরকার নির্ধারিত দামে কোম্পানি থেকে সিলিন্ডার পাওয়া গেলেও পরিবহন ও অন্যান্য খরচ বাদ দিলে লাভ খুবই কম থাকে।

টেকনাফ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এলপিজি সংকটের সুযোগ নিয়ে কিছু পাইকারি ব্যবসায়ী অস্বাভাবিকভাবে দাম বাড়াচ্ছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন