ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকার ভাতার লাইনে দাঁড় করাবে না, বরং টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করবে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, “বিগত শাসনামলে যারা দেশ শাসন করেছে, তারা কেউই বুক ফুলিয়ে বলতে পারবে না যে দুর্নীতি বা চাঁদাবাজি করেনি। কিন্তু জামায়াতে ইসলামীর দুজন মন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন তাদের চিরশত্রুরাও এক টাকার দুর্নীতি খুঁজে পায়নি। এই সততার পুরস্কার হিসেবে আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর যখন অন্য দলের নেতাকর্মীরা দখলদারি আর চাঁদাবাজিতে মত্ত ছিল, তখন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মানুষের জানমাল পাহারা দিয়েছে। আমাদের রাজনীতি আদর্শের, দখলের নয়। আমরা এমন এক বাংলাদেশ গড়ব যেখানে বিচারের নামে তামাশা হবে না, বরং মজলুম মানুষ প্রকৃত বিচার পাবে।”
উল্লাপাড়া-সলঙ্গা আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানকে ‘মজলুম জননেতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “যাকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে তোলা হয়েছে, যার ওপর অকথ্য জুলুম করা হয়েছে, সেই রফিকুল ইসলাম খানই আপনাদের হৃত অধিকার ফিরিয়ে দেবেন।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের স্থান হবে না। আমরা উল্লাপাড়াকে একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।”
জনসভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন এবং স্থানীয় জোট নেতৃবৃন্দ। দুপুরের পর থেকেই সলঙ্গা ও উল্লাপাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন, ফলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ