বগুড়াকে উত্তরবঙ্গের আধুনিক হাবে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

বগুড়াকে উত্তরবঙ্গের আধুনিক হাবে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়াকে উত্তরবঙ্গের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে বিমানবন্দর চালু, সিটি কর্পোরেশন গঠন এবং একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

বগুড়ার সাতটি সংসদীয় আসনের জোট প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে অবহেলার শিকার। আমরা জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে এই জনপদের চেহারা বদলে দেব। শুধু সিটি কর্পোরেশন বা বিশ্ববিদ্যালয় নয়, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানে উন্নীত করে সেখানে ক্রিকেট ম্যাচ ফিরিয়ে আনা হবে এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, “শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ। আমরা বিভক্তির রাজনীতিতে বিশ্বাস করি না। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সুখী-সমৃদ্ধ দেশ গড়তে চাই। অতীতে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে, তাদের পরিণতি জাতি দেখেছে। ইনশাআল্লাহ, জামায়াতে ইসলামী জনগণের একটি টাকার ওপরেও হাত বসাবে না।”

সমাবেশে তিনি আরও ঘোষণা করেন যে, প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং শিক্ষিত যুবকদের জন্য বেকার ভাতার বদলে কর্মসংস্থানের টেকসই ব্যবস্থা করা হবে। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের যোগ্যতাকে রাষ্ট্র গঠনে কাজে লাগানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান বগুড়ার সাতটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন