ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ ৫৫ বছরের প্রতীক্ষার পর অবশেষে সংরক্ষিত হতে যাচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার ঐতিহাসিক গণকবর। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইতিমধ্যে গণকবরটি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এই সংরক্ষণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের সাক্ষী এই স্থানটি এতদিন অবহেলায় পড়ে ছিল। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই গণকবরটি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। আগামী ২৫শে মার্চ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের ভাষ্যমতে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা ভবানীগঞ্জ বাজার এলাকায় একটি টর্চার সেল স্থাপন করে এবং সেখানে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ধরে এনে নির্মমভাবে হত্যার পর এই স্থানে মাটিচাপা দেয়। দেশ স্বাধীনের পর এখান থেকে মানুষের কঙ্কাল ও নারীদের অলঙ্কার উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে সংরক্ষণের দাবি জানানো হলেও বর্তমান সরকারের আমলে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের এই বধ্যভূমিটি সংরক্ষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ