ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুনের সমর্থনে ভলাকুটে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভলাকুট ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এই সভাটি কার্যত এক জনসমুদ্রে রূপ নেয়।
বিকেল ৩টা বাজার আগেই ভলাকুট ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় পুরো এলাকা 'মামুন ভাই মামুন ভাই' এবং 'ঘোড়া, ঘোড়া' স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
ভলাকুট ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি হাজী আলী নেওয়াজ-এর সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কিংবদন্তি নেতা এসএম শাফি মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে একটি আলোকিত নাসিরনগর গড়াই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দেব।" তিনি আগামী নির্বাচনে 'ঘোড়া' প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভলাকুট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসু তালুকদার, নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা নাসিরনগরের শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে যোগ্য নেতৃত্ব হিসেবে কামরুজ্জামান মামুনকে বেছে নেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ