ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া।
এমপি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন তার বক্তব্যে সরকারের কৃষিবান্ধব নীতিমালার প্রশংসা করে বলেন, “বর্তমান সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবে। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন, আর এই লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, সহ-সভাপতি শফিকুর রহমান (বাদল), বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষি বিভাগের কর্মকর্তাবর্গ।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেওয়া হয়। সরকারি এই সহায়তা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। কৃষি বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচির ফলে কটিয়াদী উপজেলায় আউশ ধানের আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ