ঝিনাইদহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে দায়ী করছে মেয়ে

ঝিনাইদহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে দায়ী করছে মেয়ে

মো. বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে কল্পনা দাস (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের মেয়ে মনিকা ঘরের ভেতর মায়ের নিথর দেহ ঝুলতে দেখে চিৎকার দিলে ঘটনাটি জানাজানি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কল্পনা দাসের স্বামী দিলীপ দাসের সঙ্গে তার কলহ চলছিল। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে দিলীপ বাড়িতে ফিরে কল্পনাকে ব্যাপক মারধর করেন এবং একপর্যায়ে গলা চেপে ধরেন। তখন কল্পনা কান্নাকাটি করে মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন। স্বজনদের দাবি, শুক্রবার ভোরের দিকেও পুনরায় মারধরের ঘটনা ঘটে। সকালে মেয়ে মনিকা বাইরে খেলাধুলা শেষে ঘরে ফিরে তার মাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে মনিকা সরাসরি অভিযোগ করে বলেন, তার বাবা দিলীপ দাসই তার মাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার পর ঝুলিয়ে রেখেছেন।

স্থানীয়রা জানান, দিলীপ দাস একজন অপরাধপ্রবণ ব্যক্তি। প্রায় তিন বছর আগে অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের সময় এক চালককে হত্যার অভিযোগে তিনি জেল খাটেন। মাত্র এক মাস আগে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। অন্যদিকে, কল্পনা দাস অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরেফিন কায়সার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন