ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)-এর নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রোকুজ্জামান সরকার রোকন। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় নগর ভবনের শাহাবুদ্দিন মিলনায়তনে এক বর্ণাঢ্য মতবিনিময় সভার মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান ও শামীম আজাদসহ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক রোকুজ্জামান সরকার রোকন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমার উপর অর্পিত এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নগরীর অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে আমি বদ্ধপরিকর।” সভায় বক্তারা নগরীর চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে আরও গতিশীল করা এবং জনদুর্ভোগ লাঘবে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
মোঃ হুমায়ুন কবীর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ