গোপালগঞ্জ-১: ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ‘আওয়ামী তোষণ’ ও ত্যাগী অবহেলার অভিযোগ

গোপালগঞ্জ-১: ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ‘আওয়ামী তোষণ’ ও ত্যাগী অবহেলার অভিযোগ

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে নিজ দলীয় ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও বিরূপ আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মুকসুদপুর উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক বর্ষীয়ান বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৭ বছর আমরা জেল-জুলুম, হুলিয়া আর আওয়ামী লীগের অবর্ণনীয় নির্যাতন সহ্য করে জাতীয়তাবাদী আদর্শ ধরে রেখেছি। কিন্তু এখন নির্বাচনের সময় প্রার্থী সেলিম সাহেব ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশ কাটিয়ে সুবিধাভোগী ও সাবেক আওয়ামী সমর্থকদের নিয়ে জনসভা করছেন। এটি আমাদের জন্য চরম অবমাননাকর।” তিনি সতর্ক করে বলেন, ঘরের নেতাদের মূল্যায়ন না করলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সেলিমের জন্য কঠিন হয়ে পড়বে।

অভিযোগ উঠেছে, নির্বাচনী প্রচারণায় গতি আনতে প্রার্থী এমন কিছু ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছেন যারা বিগত সরকারের সময়ে দাপুটে ছিলেন। এতে দলের ভেতরকার চেইন-অব-কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা করছেন তৃণমূলের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংক্ষুব্ধ নেতারা।

তবে এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, “গোপালগঞ্জে বিএনপির রাজনীতি করা কতটা কঠিন তা সবাই জানেন। নির্বাচনে জয়ী হতে হলে আমাদের সবাইকে এক কাতারে নিয়ে আসতে হবে। আমি কাউকে বাদ দিচ্ছি না, বরং বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করার কৌশল নিয়েছি। দীর্ঘদিনের গ্রুপিংয়ের কারণে কেউ কেউ একে ভুলভাবে ব্যাখ্যা করছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জের মতো আওয়ামী অধ্যুষিত এলাকায় বিএনপির জন্য এমনিতেই শক্ত চ্যালেঞ্জ রয়েছে। এর ওপর যদি অভ্যন্তরীণ কোন্দল ও ত্যাগী নেতাদের অসন্তোষ প্রশমিত না হয়, তবে ভোটের মাঠে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন