কালাইয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

কালাইয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

কালাইয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: কালাই উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষাঙ্গনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ইফতেকার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী মোঃ মনোয়ারুল হাসান, কালাই উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, কালাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম এবং কালাই উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ তাজমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয় ও পরিবারের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন।

পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে বিশেষ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আনন্দঘন হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এমন অনুষ্ঠান আয়োজনের দাবি জানান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন