নেত্রকোনায় জলমহালে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ নিধন

নেত্রকোনায় জলমহালে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ নিধন

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা-৪ আসনের রাজনৈতিক উত্তাপ এবার পৌঁছেছে হাওরের জলমহালে। খালিয়াজুরী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের পরিচালিত একটি জলমহালে বিষ প্রয়োগ করে প্রায় এক কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভুক্তভোগীরা জানান, উপজেলা সদরের ১১২ একর আয়তনের ‘মরা ধনু ঘোনা’ জলমহালটিতে বুধবার রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়। বৃহস্পতিবার সকালে জলমহালটির বিভিন্ন স্থানে রুই, কাতল, মৃগেলসহ দেশি প্রজাতির প্রচুর মাছ মরে ভেসে উঠতে শুরু করলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মরে যাওয়া এসব মাছের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

জানা গেছে, ‘রসুলপুর–জগন্নাথপুর মদিনা মৎস্যজীবী সমবায় সমিতি’র নামে বরাদ্দকৃত এই জলমহালটির বার্ষিক সরকারি ইজারা মূল্য ৮৬ লাখ টাকারও বেশি। এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা ২৩ জন পরিচালকই খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলা বিএনপির সক্রিয় রাজনীতির সাথে জড়িত। তারা নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অনুসারী হিসেবে পরিচিত।

জলমহালের পরিচালক ও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রচার-প্রচারণা ও নির্বাচনী কাজে যেন নেতাকর্মীরা আর্থিক জোগান দিতে না পারে, সেজন্যই সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি কুচক্রী মহল এই জঘন্য পথ বেছে নিয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে মো. তাহের মিয়া বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আমাদের অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যেই এই কাজ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ‘জলমহালে বিষ প্রয়োগের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমানে এলাকায় এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মৎস্যজীবীরা এই নাশকতার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন