ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বরকত হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের চর বোরহান ইউনিয়নে নির্বাচনী সহিংসতা ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের চর বোরহান এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে এই হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনুসারী নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হাসান মামুনের নির্বাচনী অফিসে চড়াও হয়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র, পোস্টার ও নির্বাচনী ব্যানার ভাঙচুর করে। এ সময় সেখানে অবস্থানরত হাসান মামুনের সমর্থকদের বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এক পর্যায়ে স্থানীয় জনতা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।
হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা দাবি করেন, গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের পরাজয় নিশ্চিত জেনে তার অনুসারীরা এলাকায় ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। ভোটারদের মনে ভয়ভীতি ঢোকানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা গেছে।
এই বিষয়ে হাসান মামুনের নির্বাচনী সমন্বয়করা জানান, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যদিকে, অভিযোগের বিষয়ে স্থানীয় গণঅধিকার পরিষদের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দশমিনা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ