কয়রায় নির্বাচনী বিধি লঙ্ঘন: ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ ৪ শিক্ষককে শোকজ

কয়রায় নির্বাচনী বিধি লঙ্ঘন: ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ ৪ শিক্ষককে শোকজ

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার অভিযোগে খুলনার কয়রায় এক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ চারজন শিক্ষককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় উপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার স্বাক্ষরিত এই শোকজ নোটিশ জারি করা হয়।

শোকজ প্রাপ্ত শিক্ষকরা হলেন: ১. ওলিউল্লাহ— ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, কপোতাক্ষ কলেজ। ২. মো. শরিফুল ইসলাম— ইংরেজি প্রভাষক, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ৩. মাওলানা রফিকুল ইসলাম— সহকারী মৌলবী, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ৪. নজরুল ইসলাম— শিক্ষক, বেজপাড়া দাখিল মাদ্রাসা।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সরকারি বা আধা-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেওয়া আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযুক্ত শিক্ষকদের আগামী নির্ধারিত সময়ের মধ্যে কমিটির সামনে উপস্থিত হয়ে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক যদি নির্বাচনী বিধিমালা ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন