ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার ঘোষণা জামায়াত আমিরের
আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি (যশোর): কানায় কানায় পূর্ণ জনসভায় যশোর শহর জনতার সমুদ্রে পরিণত হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঘিরে মানুষের ঢল নামে। দীর্ঘদিন পর এমন বিশাল জনসমাগমে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় ধারার শক্ত অবস্থান স্পষ্টভাবে ফুটে ওঠে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়ে ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী ন্যায়ের ভিত্তিতে সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাল্লাহ কোনো কমবেশ হবে না। যার যেখানে প্রাপ্য, তাকে সেখানেই পৌঁছে দেওয়া হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জোরালো ঘোষণা দেন জামায়াত আমির।
তিনি বলেন, “আল্লাহ তায়ালার রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে রূপ দেওয়া হবে। আধুনিক মেডিকেল কলেজ, উন্নত সদর হাসপাতাল, জলাবদ্ধতা নিরসন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো গড়ে তোলা হবে। এগুলো কোনো বিলাসী দাবি নয়—যশোরবাসীর ন্যায্য অধিকার।”
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“আমরা মুখে কথা বলি না, কাজের মাধ্যমেই প্রমাণ দিই। দাঁড়িপাল্লার মাপে ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। যে যেখানে বঞ্চিত, তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ মানে মুক্তি, আর না মানে পরাধীনতা। এই ভোট শুধু নির্বাচন নয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লড়াই।”
জনসভায় জামায়াত ক্ষমতায় এলে যশোরের নাগরিক সমস্যা সমাধানে দলের সুস্পষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।
জামায়াত আমিরের সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে শৃঙ্খলা বজায় রাখতে ও জনসভা সফল করতে শত শত স্বেচ্ছাসেবক নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
জনসভায় উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ