ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ শুরু হয়। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

ভালুকা থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম বাটাজোড় এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরে সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে উভয় পক্ষের অনেকেই আহত হন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয় ও সীড স্টোর বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানেও আগুন জ্বালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি জাহিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আহত অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও ফখর উদ্দিন আহমেদ ও মুহাম্মদ মোর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন