ভালুকার রাজৈ ইউনিয়নে বিজিবির টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভালুকার রাজৈ ইউনিয়নে বিজিবির টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নিয়ে বিশেষ টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এই নিরাপত্তা মহড়া এবং তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসাইন।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে বিজিবির একটি সুসজ্জিত দল রাজৈ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলোতে টহল দেয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়। জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সব তৎপরতা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করে প্রশাসন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসাইন সাংবাদিকদের বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই প্রশাসনের এই তৎপরতা। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাশত করা হবে না।"

বিজিবি ও প্রশাসনের এই সমন্বিত পদক্ষেপে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজৈ ইউনিয়নসহ পুরো উপজেলায় নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এই ধরনের বিশেষ টহল ও অভিযান ভোটের দিন পর্যন্ত পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন