ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যবহৃত ব্যালট পেপারসহ নির্বাচনী কাজে ব্যবহৃত সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আকবর আলী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত তা গ্রহণ করেন এবং ভবিষ্যৎ শুনানির স্বার্থে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে বিজয়ী হন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
জানা গেছে, এবারের নির্বাচনে বিভিন্ন আসনের ফলাফল নিয়ে ২০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম বা ফলাফল নিয়ে আপত্তির ক্ষেত্রে নির্বাচনী আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী দায়ের করা নির্বাচনী আবেদনপত্রের শুনানি গ্রহণ করছেন। আইনজীবীরা জানান, নির্বাচনী আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ করা আদালতের নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ