শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে জমজমাট পিঠা উৎসব

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে জমজমাট পিঠা উৎসব

আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের মাঝে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়। শীতের আমেজে আয়োজিত এই পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মো. লিটন হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক কমিটির সম্মানিত সদস্য জনাব মাইনুদ্দিন বালেষ্টর এবং অভিভাবক প্রতিনিধি ইশরাত জাহান। অতিথিরা তাদের বক্তব্যে বাঙালির লোকজ ঐতিহ্য ও খাদ্যাভ্যাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উৎসবের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের দেশীয় কৃষ্টির সাথে পরিচিত করতে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে মোট ৮টি দৃষ্টিনন্দন স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে নকশি পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধরাজসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ও মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবস্থল আনন্দমুখর হয়ে ওঠে। বিকেল গড়াতেই স্টলগুলোতে পিঠার বেচাকেনার ধুম পড়ে এবং উপস্থিত সবাই পিঠার স্বাদ গ্রহণ করেন।

উৎসবের দ্বিতীয় পর্বে দুপুর ১২টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে দেশীয় সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলে। এছাড়াও উপস্থিত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে আয়োজন করা হয়েছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজনটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর হৃদ্যতা ও উৎসাহ সৃষ্টি করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঐতিহ্য রক্ষায় প্রতি বছরই এমন বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজন করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন