আমতলীতে ৮ ভোটকেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’: সিসিটিভি ও বিশেষ নিরাপত্তায় প্রশাসন

আমতলীতে ৮ ভোটকেন্দ্র ‘অতি ঝুঁকিপূর্ণ’: সিসিটিভি ও বিশেষ নিরাপত্তায় প্রশাসন

পিএম, সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার আমতলী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিশেষ করে উপজেলার চিহ্নিত আটটি ‘অতি ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের অন্তর্ভুক্ত আমতলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পোস্টাল ভোটার রয়েছেন ১ হাজার ৯৭৯ জন। উপজেলায় মোট ৬৫টি ভোটকেন্দ্র ও ৪০০টি বুথ রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে আটটিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভোটের দিন এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে। ইতোমধ্যে ৩৯টি ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কেন্দ্রগুলোতেও দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ করা হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, "অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা কার্যকর ভূমিকা রাখবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভোটাররা আশা করছেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মন্তব্য করুন