ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে গাজীপুরে বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলে যোগদান করেন। এ সময় স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ বলেন, “বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে এবং দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া গাজীপুর-৩ আসনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু একজন স্বচ্ছ ও মানবিক মানুষ। আমি তাঁর পাশে থেকে এই আসন পুনরুদ্ধারে কাজ করে যাব।”
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার এই শেষ মুহূর্তে সিনিয়র আইনজীবীর যোগদান বিএনপির স্থানীয় রাজনীতিতে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম এম.এ-ও বিএনপিতে যোগদান করেছিলেন। একের পর এক হেভিওয়েট নেতাদের যোগদানে গাজীপুর-৩ আসনে ধানের শীষের অবস্থান আরও মজবুত হচ্ছে।
এম.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ