৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বহিঃবিভাগের সামনে এ সমাবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মো. ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান ও ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিনের আন্দোলনের পর গত ২১ জানুয়ারি পে-কমিশন রিপোর্ট জমা দিলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি। বক্তারা অবিলম্বে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে ১২টি গ্রেডে নতুন পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীরা ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন