মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

মুন্সীগঞ্জে পিস্তল ও গুলিসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, দুটি দেশীয় ধারালো অস্ত্র এবং নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস্ অফিসার জানান, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের উদ্ধারকৃত আলামতসহ লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা রোধে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন