ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ (পিআরএস) অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) তিন রোভারসহ মোট চারজন রোভার স্কাউট। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের এই ‘র্যাম্বলিং’ বা পরিভ্রমণ যাত্রা শুরু হয়।
পরিভ্রমণে অংশগ্রহণকারীরা হলেন—ইংরেজি বিভাগের শিক্ষার্থী রোভার ইমরান বিশ্বাস ও রোভার অশোক হালদার, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোভার তরিকুল ইসলাম এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থী রোভার মুরছালিন।
পরিভ্রমণকারী দলটি গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করে বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলা হয়ে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাবে। ৫ দিনের এই দীর্ঘ যাত্রায় তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মাদকবিরোধী ও সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করবেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও দলনেতা রোভার ইমরান বিশ্বাস জানান, পিআরএস অ্যাওয়ার্ড অর্জনের জন্য নির্ধারিত ছয়টি পারদর্শিতা ব্যাজের মধ্যে অন্যতম হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এই ব্যাজ অর্জনের শর্ত পূরণেই তারা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। রোভার তরিকুল ইসলাম বলেন, "এটি কেবল ভ্রমণ নয়, বরং পরিবেশের কাছাকাছি গিয়ে বাস্তব জ্ঞান অর্জন এবং দীর্ঘ পথ হাঁটার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ও সহনশীলতা বাড়ানোর একটি মাধ্যম।"
যাত্রার প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ (উডব্যাজার) এবং জেলা রোভারের সম্পাদক জুবাইর আল মাহমুদসহ সিনিয়র রোভার মেটরা উপস্থিত থেকে দলটিকে শুভকামনা জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ