ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তামিম আহমেদ, কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১৬ মার্চ) সকালে নিজ গ্রাম নিমতলায় বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের পর তিনি জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছে এই দায়িত্বভার গ্রহণ করেন। ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ায় জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দায়িত্ব গ্রহণের আগে আজ সকালে ভিপি সোহেল তাঁর পৈতৃক নিবাসে যান এবং সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাবা-মায়ের কবরের পাশে দীর্ঘ সময় অতিবাহিত করেন। তিনি মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর তিনি সরাসরি কিশোরগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হন। সেখানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং পরিষদের স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডগুলো পুনরায় সচল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পতিত স্বৈরাচার সরকারের আমল থেকে দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন সহ্য করা এবং গত জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি অবিচল আনুগত্য প্রদর্শনের পুরস্কার হিসেবে এই পদটি তাঁর জন্য একটি বিশেষ উপহার বলে মনে করছেন নেতা-কর্মীরা। দায়িত্ব গ্রহণ শেষে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া এবং বাবা-মায়ের দোয়া নিয়ে আমি জেলাবাসীর সেবা শুরু করলাম। কিশোরগঞ্জ জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই এখন আমার প্রধান লক্ষ্য।’
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ